
বাংলা বিভাগ, বশেমুরবিপ্রবি’র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই বিভাগ বাংলা ভাষা ও সাহিত্যচর্চার জন্য অন্যতম একটি আদর্শ বিভাগ। এক ঝাঁক তরুণপ্রাণ শিক্ষক এই বিভাগে রয়েছেন, যাঁরা উক্ত বিভাগটিকে শিক্ষা ও গবেষণায় অগ্রগণ্য হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম ও সাধনা করে যাচ্ছেন। এর সাথে যুক্ত রয়েছেন নিবেদিতপ্রাণ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী, যাঁরা উক্ত পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। আমরা চাকরির বাজারে দক্ষ স্নাতক ও স্নাতকোত্তর কর্মী তৈরির পাশাপাশি, বাংলা ভাষা ও সাহিত্যের যোগ্য গবেষক মন এবং অনুরাগী সৃষ্টিতে বদ্ধপরিকর। পড়াশোনা এখানে প্রথম প্রাধান্য, তবে একইসাথে এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজন এবং নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মানবিক মনন গড়তে এই বিভাগ সদা প্রস্তুত। ফলে এ কথা অনস্বীকার্য যে, উক্ত বিভাগের মূল প্রাণই হলো এই বিভাগের শিক্ষার্থীরা। প্রতি বছরের ন্যায় এবারেও নতুন প্রাণপ্রাচুর্যে বিভাগের ভেতর-বাহির ভরে উঠবে, শিক্ষক-শিক্ষার্থীদের মেলবন্ধনে ঋদ্ধ হবে বশেমুরবপ্রবি’র বাংলা বিভাগ। যুগের চাহিদা পূরণে উত্তরোত্তর বৃদ্ধি পাবে এর সুনাম ও সৌকর্য।
এই প্রত্যাশা অহর্নিশ।
সবাইকে ধন্যবাদ।